‘ইএ স্পোর্টস বলেছে পর্তুগাল জিতবে বিশ্বকাপ’- ভাইরাল দাবির সত্যতা নেই

গত মে মাসের শেষের দিকে কতিপয় গণমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে। তাদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী বিশ্বকাপ জিততে যাচ্ছে পর্তুগাল। এর আগের চারটি বিশ্বকাপেই ইএ স্পোর্টস এর ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছে।’

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: যমুনা টিভি (ফেসবুক), এশিয়া পোস্ট (ফেসবুক), দ্য ডেইলি ক্যাম্পাস, বাংলা পোস্ট, ভয়েস৭নিউজ।
এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে গণমাধ্যমের ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ এ পর্তুগাল বিশ্বকাপ জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেনি ইএ স্পোর্টস বরং, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবি প্রচার করে হয়েছে। প্রকৃতপক্ষে ইএস্পোর্টসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২৬ জিততে যাচ্ছে স্পেন।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Sarcasm Football Nepal নামের একটি ফেসবুক পেজে গত বছরের ১৬ ফেব্রুয়ারিতে আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য মূল পোস্টটি পাওয়া যায়। উক্ত পোস্টটি পর্যবেক্ষণ করলে তাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পেজটি পর্যবেক্ষণে এটি একটি ফুটবল ভিত্তিক ট্রল পেজ বলে জানা যায়।
এছাড়াও, অনুসন্ধানে কোনোরকম তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সাম্প্রতিক সময়ে নানা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে প্রচার হতে দেখা যায়।
পরবর্তীতে ফিফা বিশ্বকাপ ২০২৬ নিয়ে ইএ স্পোর্টস এর ভবিষ্যদ্বাণীর বিষয়ে অনুসন্ধানে গত ৬ জুন ইএ স্পোর্টস এর এক্স অ্যাকাউন্টে তাদের ভবিষ্যদ্বাণী পাওয়া যায়। ইএ স্পোর্টস এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী এবারের ফিফা বিশ্বকাপ জিততে যাচ্ছে স্পেন।

ইএ স্পোর্টস এর এই ভবিষ্যদ্বাণীর বিষয়ে পরবর্তীতে ফুটবল ভিত্তিক নানা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হতেও দেখা যায়। প্রসঙ্গত, ইএ স্পোর্টস ২০১০ সালের ফিফা বিশ্বকাপ থেকে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত চারবারের চারবারই সঠিক বিশ্ব চ্যাম্পিয়নের ভবিষ্যদ্বাণী করেছিল।
সুতরাং, আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ এ পর্তুগাল বিশ্বকাপ জিতবে বলে ইএ স্পোর্টস ভবিষ্যদ্বাণী করেছে শীর্ষক দাবি মিথ্যা।
তথ্যসূত্র
- EA SPORTS FC – X Post
- One Football – After FOUR right calls, EA Sports simulates World Cup, names champion
- Rumor Scanner’s analysis

