‘আমার সব সম্পদ টিউশন করে আয়’— হান্নান মাসউদের নামে ছড়ানো মন্তব্যটি বানোয়াট

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ‘আমার কোটি কোটি টাকার সম্পদের মধ্যে ১ টাকাও অসৎ পথে আয় করা অর্থ নয়, পুরোটাই টিউশন করে আয় করা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হান্নান মাসউদ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ জুন আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। ‘ডেইলি মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে স্যাটায়ার এবং প্যারোডি’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, হান্নান মাসউদের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘আমার কোটি কোটি টাকার সম্পদের মধ্যে ১ টাকাও অসৎ পথে আয় করা অর্থ নয়, পুরোটাই টিউশন করে আয় করা’ শিরোনামে হান্নান মাসউদকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: