চাঁদা না পেয়ে গৃহিণীর ওপর যুবদলের হামলার দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মারামারির একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘চাঁদা না পেয়ে গৃহিনীর উপর যুবদলের অমানবিক হামলা!!’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চাঁদা না পেয়ে কোনো গৃহিনীর উপর যুবদলের হামলার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের উত্তর প্রদেশের বালিয়ায় বিতর্কিত জমি নিয়ে সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘kiccnewsnetwork’ ইউজারনেমের ভারত থেকে পরিচালিত একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৫ জুনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

উক্ত ঘটনার বিষয়ে ইনস্টাগ্রাম পোস্টটিতে দাবি করা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে (ভারতের উত্তর প্রদেশের) বালিয়ার তাদসারা-সিকান্দারপুর এলাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একখণ্ড বিতর্কিত জমিকে কেন্দ্র করে নারীদের প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। অনলাইনে করা দাবি অনুযায়ী, জমিটির ইতিমধ্যেই রেজিস্ট্রি হয়ে গেছে এবং এটি আদালতের স্থগিতাদেশের (স্টে অর্ডার) অধীনে রয়েছে। তা সত্ত্বেও, প্রতিপক্ষ দল জমিটি দখল করার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে, যার ফলে একটি সংঘর্ষের সূত্রপাত হয় এবং বাধা দেওয়ার সময় নারীরা আক্রমণের শিকার হন। তথ্য ও প্রমাণের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’ (অনূদিত)

এছাড়াও, অনুসন্ধানে ‘M News’ ও ‘Taaza Khabar’ নামক ভারত থেকে পরিচালিত আরো দুইটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একইরকম তথ্যসমেত আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়। পাশাপাশি, অনুসন্ধানে ভিডিওটি বাংলাদেশের বা যুবদলের হামলার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উপরোক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়।

সুতরাং, ভারতের উত্তর প্রদেশের বালিয়ায় বিতর্কিত জমি নিয়ে সংঘর্ষের ভিডিওকে চাঁদা না পেয়ে গৃহিনীর উপর যুবদলের হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: