মনিরুল হক চৌধুরীর নারীসহ আটক হওয়ার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ‘কুমিল্লা সদর আসনের বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী এমপি নারী সহ আটক’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নারীসহ মনিরুল হক চৌধুরীর আটক হওয়ার নয়। প্রকৃতপক্ষে, গত ২৪ এপ্রিল দিবাগত রাতে কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। সেই ঘটনার পর ০৮ মে বুলেট বৈরাগীর পরিবারের সাথে দেখা করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এটি সেই সময়ের ভিডিও।

অনুসন্ধানে ‘JH Deshi reviewer’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৮ মে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে– “বুলেট বৈরাগীর পরিবারের সাথে দেখা করতে আসেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।”

এই সূত্র ধরে অনুসন্ধানে যুগান্তরের ওয়েবসাইটে গত ০৮ মে “খুন হওয়া কাস্টমস কর্মকর্তার পরিবারের সঙ্গে এমপি মনিরুল হকের সাক্ষাৎ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ৮ মে সন্ধ্যায় কুমিল্লায় ছিনতাইকারীদের হাতে খুন হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

একই তথ্যে একাধিক পোস্ট (, ) পাওয়া যায় মনিরুল হক চৌধুরীর অফিসিয়াল ফেসবুক পেজেও।

অর্থাৎ, ভিডিওটি মনিরুল হক চৌধুরীর নারীসহ আটক হওয়ার দৃশ্য নয়।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল দিবাগত রাতে ছিনতাইকারীদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় তার লাশ পাওয়া যায়।

সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিওকে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারীসহ আটক হওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: