দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনে মমতা ব্যানার্জির যোগদানের দাবিতে কলকাতার সমাবেশের ভিডিও প্রচার

শিক্ষাব্যবস্থার সংস্কার ও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। এরই প্রেক্ষিতে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে- দিল্লি গিয়ে ককরোজ পার্টির মোদি বিরোধী আন্দোলনে যোগ দিলে মমতা ব্যানার্জী।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনে মমতা ব্যানার্জির যোগদানের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত ২১ জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেস আয়োজিত শহীদ দিবসের সমাবেশে মমতা ব্যানার্জির উপস্থিতির দৃশ্য। তিনি প্রয়োজনে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দেওয়ার কথা বললেও, এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তার দিল্লিতে গিয়ে ওই বিক্ষোভে অংশ নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম টাইমস নাও এর ইউটিউব চ্যানেলে গত ২১ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

টাইমস নাও এর ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে– “কলকাতায় মমতা ব্যানার্জি মেগা সমাবেশে উপচে পড়া জনসমাগম।”
এই সূত্র ধরে অনুসন্ধানে মমতা ব্যানার্জির ফেসবুক পেজে গত ২১ জুলাই প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতায় একটি স্মরণসভা আয়োজন করা হয়েছিল।
অর্থাৎ, ভিডিওটি শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ওই স্মরণসভারই।
উল্লেখ্য, দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনে মমতা ব্যানার্জি উপস্থিত না থাকলেও তিনি আন্দোলনটির প্রতি সমর্থন জানিয়েছেন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা করেছেন। এছাড়া, প্রয়োজন হলে তিনি ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দেবেন বলেও জানান।
সুতরাং, কলকাতায় তৃণমূল কংগ্রেসের সমাবেশের ভিডিওকে দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনে মমতা ব্যানার্জির যোগদানের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Times Now- YouTube Video
- Mamata Banerjee- Facebook Post
- AIMA Media- দরকার হলে ছাত্র আন্দোলনে সমর্থনে দিল্লি যাব: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

