আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকার থেকে জানা যায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন। এর প্রেক্ষিতে ‘শেখ হাসিনার সাথে ডিসেম্বর মাসে আমিও বাংলাদেশে যাচ্ছি গণতন্ত্র উদ্ধার করতে- মিঠুন চক্রবর্তী’ দাবিতে টালিউড অভিনেতা ও বিজেপির রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীর বক্তব্যের একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ করা অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি ২ লক্ষ ৩ হাজার বার দেখা হয়েছে। এটি প্রায় ১৯ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং এটি ৩ হাজার বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডিসেম্বরে শেখ হাসিনার সাথে বাংলাদেশে আসার বিষয়ে মিঠুন চক্রবর্তীর বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত ভিডিওটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, মিঠুন চক্রবর্তী এমন কোনো মন্তব্য করার তথ্যও খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম Aaj Tak এর বাংলা সংস্করণের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ২৭ ও ২৮ অক্টোবর প্রকাশিত এসব প্রতিবেদনে সংযুক্ত ভিডিও ফুটেজের সাথে আলোচিত ভিডিওটির আংশিক সাদৃশ্য রয়েছে।
এসব ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, এসব ভিডিওতে মিঠুন চক্রবর্তীর পরনে থাকা পোশাক, গলার জড়ানো বিজেপির লোগোযুক্ত উত্তরীয় এবং মাথার ক্যাপের সাথে আলোচিত ভিডিওর এসব বিষয়বস্তুর মিল রয়েছে। তবে, উক্ত ভিডিওগুলোতে মিঠুন চক্রবর্তীর বক্তব্যের সাথে আলোচিত ভিডিওটির বক্তব্যের কোনো মিল পাওয়া যায়নি।
উক্ত প্রতিবেদনসমূহ থেকে জানা যায়, ২০২৪ সালের ২৭ অক্টোবর কলকাতার সল্টলেকের EZCC-তে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। সেই অনুষ্ঠানে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন দলটির প্রথম সারির নেতাকর্মীরাও। এই অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী তার বক্তব্যে ২০২৬ সালে ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার বদলের ডাক দেন। এ বক্তব্যে তিনি বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিষয়ে নানান কথাবার্তা বলেন। তবে, মিঠুন চক্রবর্তীর বক্তব্যে বাংলাদেশ কিংবা শেখ হাসিনার প্রসঙ্গে কোনো তথ্য পাওয়া যায়নি।
আলোচিত ভিডিওটি অধিকতর পর্যবেক্ষণে লক্ষ্য করা যায়, ভিডিওতে থাকা অডিও ক্লিপের সাথে মিঠুন চক্রবর্তীর ঠোঁটের নাড়াচাড়া ও তার অঙ্গভঙ্গি পুরোপুরি মিলে যায়। মূল ভিডিওর বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওটির অডিওর মিল না থাকলেও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে পরিবর্তিত অডিওর এমন সামঞ্জস্য ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি হওয়ার সম্ভাবনা নির্দেশ করে।
উক্ত ভিডিওটি এআই দ্বারা তৈরি কিনা তা নিশ্চিত করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

এছাড়া, আলোচিত ভিডিওটিতে “আমার কাছে আজকের দিনটা বাংলার স্বাধীনতার দিন’ – মিঠুন চক্রবর্তী’ শীর্ষক শিরোনাম ও ‘Daily Scoop Bangla’ শীর্ষক লোগো ও জলছাপ লক্ষ্য করা যায়।
এসব সূত্র ধরে Daily Scoop Bangla নামক ফেসবুক পেজে গত ০৯ মে একই শিরোনাম ও লোগো-জলছাপ সংবলিত মিঠুন চক্রবর্তীর ছবিযুক্ত ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। মূলত, এই ছবিটি ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ডিসেম্বরে শেখ হাসিনার সাথে বাংলাদেশে আসার বিষয়ে মিঠুন চক্রবর্তীর বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
- Aaj Tak Bangla – অমিত শাহর সামনেই মিঠুন দা বলে বসলেন ‘মার শালা’
- Aaj Tak Bangla – Mithun Chakraborty Speech: ‘খুনের রাজনীতি করেছি’, শাহের সামনেই ২৮-এ ফিরলেন মিঠুন
- Daily Scoop Bangla – Facebook Post
- DeepFake-O-Meter – Website


