‘সবাই ত্রাণ পাঠান, এবার এক টাকাও লুটপাট হতে দেব না’— নাহিদ ইসলামের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয় তিনি বলেছেন, “বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাই আমাদের কাছে ত্রাণ সহায়তা পাঠান। আমি নিশ্চয়তা দিচ্ছি, এবার একটি টাকাও লুটপাট হতে দেব না”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাহিদ ইসলাম আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। এছাড়া, জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজ, পর্যালোচনাতেও এ ধরনের কোনো মন্তব্যের সন্ধান পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘রাষ্ট্রের রসিকতা – State Satire’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ জুলাই আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। উক্ত ফটোকার্ডে পেজের লোগো থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে লোগো মুছে ফেলা হয়েছে।
‘রাষ্ট্রের রসিকতা – State Satire’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, বন্যার্তদের ত্রাণ সহায়তার প্রসঙ্গে দেশীয় গণমাধ্যম দেশ রুপান্তরে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায় চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যা চলাকালীন দুর্গতদের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন নাহিদ ইসলাম।
সুতরাং, বন্যার্তদের ত্রাণ সহায়তা নিয়ে নাহিদ ইসলামের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- দেশ রুপান্তর – Website
- রাষ্ট্রের রসিকতা – State Satire: Facebook Post

