তুরস্কের ভূমিকম্পের ভিডিও তাজিকিস্তানের দাবিতে প্রচার

তাজিকিস্তানে গত ২৩ ফেব্রুয়ারি ভূমিকম্প পরবর্তী সময়ের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাজিকিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পে শিশু উদ্ধারের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি তাজিকিস্তানের নয় বরং গত ৬ ফেব্রুয়ারির তুরস্কের ভূমিকম্পের ভিডিও এটি।

গত ২৩ ফেব্রুয়ারি তাজিকিস্তানে চীনের সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। সাম্প্রতিক এই ভূমিকম্পের ঘটনা পরবর্তী সময়ে একটি শিশু উদ্ধারের ভিডিওকে তাজিকিস্তানের ভূমিকম্প পরবর্তী সময়ের ঘটনা দাবি করে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে আলবেনিয়ার সংবাদমাধ্যম ‘Ngjarja e Fundit’ এর ফেসবুক পেজে গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়, “এখনও আশা আছে! ১৫৯ ঘন্টা পর কাহরামানমারাসের ধ্বংসস্তূপ থেকে ছোট্ট ইয়াভুজকে উদ্ধার করা হয়।”

অর্থাৎ, তাজিকিস্তানের ২৩ ফেব্রুয়ারির ভূমিকম্প পরবর্তী সময়ের দাবিতে প্রচারিত ভিডিওটি ১৩ ফেব্রুয়ারিই অনলাইনে পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ১৩ ফেব্রুয়ারির ভিডিওতে উল্লিখিত ১৫৯ ঘন্টা পূর্বে গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহরামানমারাসহ বেশ কিছু এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারি তুরস্কের সংবাদমাধ্যম ‘haber7’ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত শিশু উদ্ধারের ঘটনার বিষয়ে উল্লেখ পাওয়া যায় এবং উক্ত শিশুর ছবিটিও খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, সাম্প্রতিক সময়ে তাজিকিস্তানের ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে তুরস্কে ভিন্ন একটি ভূমিকম্পের ভিডিও।

মূলত, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। উক্ত ভূমিকম্প পরবর্তী সময়ে একটি শিশু উদ্ধারের ভিডিওকে সাম্প্রতিক সময়ে (২৩ ফেব্রুয়ারি) তাজিকিস্তানের ভূমিকম্পের দৃশ্য দাবি করে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি ভূমিকম্পকে কেন্দ্র করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, গত ৬ ফেব্রুয়ারির তুরস্কের ভূমিকম্পের একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে তাজিকিস্তানের ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: