আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ঘোষণা সংক্রান্ত সংবাদ দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার

গত ১৬ জুন ‘ব্রেকিং নিউজ আগামীকাল আওয়ামী লীগের সম্মেলন শুরু’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ২১ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের ২৮ নভেম্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভিডিওটি সেই ঘটনারই একটি সংবাদ প্রতিবেদনের।
এ বিষয়ে অনুসন্ধানে দেশ টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৭ নভেম্বর “দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরও অনুসন্ধান করে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২২ সালের ২৮ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেদিন শহরের গোর এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২২ সালের।
সুতরাং, ২০২২ সালে দিনাজপুরে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনসংক্রান্ত সংবাদ প্রতিবেদনের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

