আলজেরিয়ার সমর্থকরা মেসিকে ‘আল্লাহর শত্রু’ বলেছে দাবিতে দুটি পৃথক ঘটনার ভিডিও ও অডিও যুক্ত করে প্রচার

চলমান ফুটবল বিশ্বকাপে গত ১৭ জুন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলজেরিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের আগে আলজেরিয়ার সমর্থকেরা ‘মেসি আ’ল্লা’হর শ’ত্রু। আ’ল্লা’হ আমাদের পক্ষে আছেন। আলজেরিয়া কা’ফে’র রাষ্ট্র আর্জেন্টিনাকে ধ্বং’স করে দেবে।’ স্লোগান দিয়েছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত ০৩ জুন নেদারল্যান্ডসের রটারডামে দেশটির সাথে আলজেরিয়ার একটি প্রীতি ম্যাচের আগে আলজেরিয়ার সমর্থকদের সমাবেশের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে LeLien নামক একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ০৩ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির বিষয়বস্তু, ভিডিওতে থাকা কিছু স্থাপনার সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ‘Barigou’ নামে খ্যাত আলজেরিয়ার ফুটবল দলের সমর্থকদের নেদারল্যান্ডসের রটারডামে উৎসবমুখর সমাবেশের দৃশ্য।
উক্ত সূত্র ধরে Irmuška Irma নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ০৩ জুন ‘Algerian fans in Rotterdam’ শিরোনামে প্রকাশিত একই সমাবেশের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওতে দেখা যায়, উদযাপনের স্থাপনাটি ‘World Trade Center’।
এই সূত্র ধরে Google Maps এর সহায়তায় নেদারল্যান্ডসের রটারডামের কুলসিংগেল স্ট্রিটে আলোচিত ভিডিওতে থাকা ডব্লিউটিসি ভবন এবং এর আশেপাশের স্থাপনাগুলো খুঁজে পাওয়া যায়।

এছাড়া, দক্ষিণ নেদারল্যান্ডসের সরকারি সম্প্রচারকারী সংস্থা Rijnmond এর ওয়েবসাইটে গত ৩ জুন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত কোলাজে LeLien এর ভিডিওতে থাকা ব্যক্তি এবং আলোচিত ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ দৃশ্য দেখা যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এসব ছবি সেদিন রটারডামে অনুষ্ঠিত নেদারল্যান্ডস বনাম আলজেরিয়ার প্রীতি ম্যাচের আগে কুলসিংগেলের ডব্লিউটিসি ভবনের সিঁড়িতে আলজেরিয়ার সমর্থকদের সবুজ-সাদা পোশাক এবং দেশের পতাকায় শোভিত সমাবেশের আনন্দঘন পরিবেশের দৃশ্য।
আলোচিত ভিডিওটিতে থাকা অডিও ক্লিপের বিষয়ে অনুসন্ধানে কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম Aljazeera Mubasher এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১৪ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর অডিও অংশটির সাথে আলোচিত ভিডিওটির অডিওর মিল রয়েছে।
উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি তিউনিসিয়ার রাজনীতি তিউনিসে ২০১৯ সালের ১৩ অক্টোবর দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে কাইস সাইদের বিজয় উদযাপনকালে তার সমর্থকদের মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ আল-সিসি বিরোধী স্লোগান দেওয়ার দৃশ্য।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল গত ১২ জুন এবং আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচটি কানসাস সিটিতে অনুষ্ঠিত হয়েছিল গত ১৬ জুন।
সুতরাং, গত ১৭ জুন যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচে আলজেরিয়ার সমর্থকেরা লিওনেল মেসিকে ‘আল্লাহর শত্রু’ বলে স্লোগান দিয়েছে দাবিতে রটারডামে নেদারল্যান্ডস-আলজেরিয়ার প্রীতি ম্যাচের আগে আলজেরিয়ার সমর্থকদের সমাবেশের ভিডিওতে তিউনিসিয়ায় সিসি বিরোধী স্লোগানের পুরোনো অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷
তথ্যসূত্র
- LeLien – Instagram Post
- Irmuška Irma – Instagram Post
- Google Maps – Place
- Rijnmond – Article
- Aljazeera Mubasher – YouTube Video

