২০২৪ সালের প্রত্যাবাসনের ছবিকে সম্প্রতি পশ্চিমবঙ্গে ২০ অবৈধ বাংলাদেশি আটকের দাবিতে প্রচার

সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’ ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ প্রেক্ষাপটে, “20 illegal Bangladeshis, including women and children have been captured from West Bengal.” অর্থাৎ, ‘নারী ও শিশুসহ ২০ জন অবৈধ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছে।’ শীর্ষক দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে ২০ জন অবৈধ বাংলাদেশিকে আটক করার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ৩০ এপ্রিল মানবপাচার ও প্রতারণার শিকার হয়ে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ ও অবস্থানকালে আটক ২০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। আলোচিত ছবিটি সেই সময়ের।

অনুসন্ধানে সময় টিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ৩০ এপ্রিল “বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে।

সময় টিভির প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মানবপাচার ও প্রতারণার শিকার হয়ে ভারতে প্রবেশকালে ও অবস্থানকালে আটকাধীন ২০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। ওইদিন বিকেলে পশ্চিমবঙ্গ সরকার যশোরের বেনাপোল সীমান্তে তাদের প্রত্যাবাসন করেছিল। সেই সময়কার ছবি এটি।

একই ছবি ও তথ্যে সংবাদ প্রকাশ করেছিল– বিডিনিউজ২৪, আরটিভি, টিবিএস সহ বেশ কিছু গণমাধ্যম।

পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ভারতে ২০ জন বাংলাদেশি আটক হওয়া সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ কিংবা ভারতের গণমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৪ সালের একটি ভিন্ন ঘটনার ছবিকে সম্প্রতি ভারতে ২০ জন অবৈধ বাংলাদেশি আটক হওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: