সম্প্রতি অভিনেতা যাহের আলভীকে নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর দাবি করেছেন, আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা আলভি গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়েছেন।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেতা আলভি গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ১৮ জুনের এক সংবাদ থেকে জানা যায়, স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর (নিয়ামত উল্লাহ ভূঁইয়া) জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান যাহের আলভী। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জাতীয় দৈনিক কালের কণ্ঠের গতকালের (২১ জুন) এক সংবাদ থেকে জানা যায়, কারাগারে আটক আলভীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ। পরে আদালত রিমান্ড শুনানির দিন ২৪ জুন নির্ধারণ করেছেন। রবিবার (২১ জুন) মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর মো. আব্দুল মালেক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এ আবেদন করেন।
অর্থাৎ, জামিনে মুক্ত নন, জামিন আবেদন না মঞ্জুর হওয়ায় কারাগারে আছেন আলভী।
সুতরাং, স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা যাহের আলভী জামিনে মুক্ত শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।


