‘আফ্রিদির মুক্তি চাই’—হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া মন্তব্য, যমুনা টিভির কার্ড সম্পাদিত

সম্প্রতি, সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ‘আফ্রিদি যথেষ্ট শাস্তি পেয়েছে। এবার মানবিক দৃষ্টিকোণ থেকে ওর মুক্তি চাই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন সংবলিত হাসনাত আবদুল্লাহ ও তৌহিদ আফ্রিদির ছবি যুক্ত করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
উল্লেখিত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আবদুল্লাহ তৌহিদ আফ্রিদিকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি এবং যমুনা টিভিও এমন কোনো তথ্য বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, হাসনাত আবদুল্লাহ’র ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, আলোচিত দাবিতে হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Hasnat Abdullah – Facebook Profile

