গাইবান্ধার রামমূর্তি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানানো ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে এআই-তৈরি ছবি প্রচার

রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (কোমরপুর) গ্রামে ‘বৃহত্তম রামমূর্তি’ স্থাপনের কাজ শুরু হলে এর প্রতিবাদে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। এমন এক সমাবেশে এক ব্যক্তিকে রামমূর্তি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দিতে দেখা যায়। এ ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, পুলিশ বক্তব্য দেওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।

বিষয়টি আরও নিশ্চিত হতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক পরিবেশ ও ছবিতে থাকা ব্যক্তিদের মুখাবয়বে কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

এছাড়া, গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির বিশ্লেষণেও দেখা যায়, আলোচিত ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

সুতরাং, গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি স্থাপনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়া ব্যক্তির গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ছবিটি এআই-তৈরি।

তথ্যসূত্র

Share: