সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়, আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় মিছিল করার কারণে বাংলাদেশ সেনাবাহিনী আর্জেন্টিনার সমর্থকদের ধাওয়া করেছে এবং এতে অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছেন। উক্ত দাবির সমর্থনে প্রচারিত ছবিটিতে দেখা যায়, নীল-সাদা জার্সি পরিহিত কিছু সমর্থক হাতে আর্জেন্টিনার পতাকা নিয়ে দৌড়াচ্ছেন এবং সেনাবাহিনী তাদের ধাওয়া করছে। এ সময় কিছু পতাকা রাস্তায় পড়ে থাকতেও দেখা যায়।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সত্য নয়। আর্জেন্টিনার সমর্থকদের বাংলাদেশ সেনাবাহিনী ধাওয়া করার দাবিতে প্রচারিত ছবিটিও আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি একটি ছবি।
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত সংবাদমাধ্যম কিংবা উৎসে এর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।
অনুসন্ধানে, গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্য অনুযায়ী আলোচিত ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে।
ছবিটি এআই দ্বারা সম্পাদিত বা তৈরি করা হয়েছে কিনা তা আরও যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মোডারেশনেও বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৮ শতাংশ।
সুতরাং, আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল করায় সমর্থকদের বাংলাদেশ সেনাবাহিনী ধাওয়া করেছে দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- Verify AI
- Hive Moderation: Hive Detect AI


