পুলিশ হেফাজতে থাকা বিএনপি কর্মীকে আ.লীগ কর্মীর হত্যার দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার

সম্প্রতি, বাংলাদেশ আওয়ামী লীগের এক কর্মী কর্তৃক থানার ভেতরে পুলিশ হেফাজতে থাকা একজন বিএনপির কর্মীকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশ হেফাজতে থাকা বিএনপি কর্মীকে আওয়ামী লীগ কর্মীর আঘাত করে হত্যা দাবিতে প্রচারিত এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালে মৌলভীবাজারের কুলাউড়ায় এক শিক্ষার্থী হত্যা মামলার আসামি জুনেলকে আদালতে হাজির করার একটি স্থিরচিত্র ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে এই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে মূলধারার গণমাধ্যম দৈনিক সমকাল এবং মৌলভীবাজারভিত্তিক স্থানীয় গণমাধ্যম পাতাকুঁড়ির দেশ এর ওয়েবসাইটে ২০২৫ সালে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এসব প্রতিবেদনে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে দেখা আসামি ও পুলিশ সদস্যদের মিল পাওয়া গেছে।

উক্ত প্রতিবেদনগুলোতে ব্যবহৃত ছবিটি পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্য এবং গণমাধ্যমে প্রচারিত ছবি একই স্থানের। এছাড়া, ছবিগুলোতে আসামিকে পুলিশ সদস্যরা একইভাবে ধরে থাকতে দেখা যায়।

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, উক্ত ছবিটি মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫ নম্বর আমলি আদালতে ধারণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কুলাউড়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় জুনেল মিয়া নামের এই ব্যক্তিকে আটক করা হয়। গত ১৯ জুন ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য পুলিশ জুনেলকে আদালতে হাজির করে। তবে উভয় প্রতিবেদনের কোথাও সেদিন তার ওপর কোনো হামলার ঘটনা ঘটার তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভিন্ন কোনো সূত্রেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্যও পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত ভিডিওটি নিয়ে রিউমর স্ক্যানার টিমের বিশ্লেষণে দেখা যায়, আলোচিত ভিডিওটির নিচের ডান কোণে ‘MINIMAX | Hailuo Ai’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Hailuo Ai’ মিনিম্যাক্স নামের একটি চাইনিজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের একটি উন্নত এআই টুল।
ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, এআই-নির্মিত একটি ভিডিওকে পুলিশ হেফাজতে থাকা বিএনপি কর্মীর ওপর আওয়ামী লীগ কর্মীর হামলা ফলে হত্যার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Samakal Website: কুলাউড়ায় শিক্ষার্থী হত্যা: আদালতে স্বীকারোক্তি দেয়নি জুনেল
- Patakuri Website: ঘাতক জুনেলের ২দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ
- DeepFake-O-Meter – Website

