মাদকসহ বিমানবন্দরে জুলাই যোদ্ধা আটক দাবিতে ভারতীয় নাগরিক আটকের ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘জুলাই জঙ্গি কট। সরকারী খরচে বিদেশ থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার সময় জুলাই জঙ্গি আন্দোলনের নেতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় বিদেশি মদ সহ গ্রেফতার।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই এবং ভিডিওতে চিহ্নিত ব্যক্তি বাংলাদেশের নাগরিক নন। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের ১৭ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোগীর বেশধারী ভারতীয় এক নাগরিকের কাছ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মদ ও কসমেটিকস পণ্য ঢাকা কাস্টম হাউস কর্তৃক উদ্ধারের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম Channel 24 এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৮ মার্চ ‘রোগী সেজে চোরাচালান; অবশেষে ধরা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা ব্যক্তি এবং দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটিতে থাকা ব্যক্তি এবং দৃশ্যের সাদৃশ্য রয়েছে।

পরবর্তীতে, একই বিষয়ে মূলধারার অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৫ সালের ১৮ মার্চ ‘সিসিইউ রোগীর বেশধারী ভারতীয় নাগরিকের কাছ থেকে মদ জব্দ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে সংযুক্ত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ১৭ মার্চ রাতে ভারতের কলকাতা থেকে নজরুল হক নামক এক ভারতীয় নাগরিক বিমানের সিসিইউ ইউনিটে ঢাকায় আসেন। বিমানবন্দর ত্যাগ করার সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা মদ ও কসমেটিকস পণ্য উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস। জব্দ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে- কসমেটিকস পণ্য ২০ কেজি, মদ ৪ লিটার, মোবাইল ৩ পিস ও কাপড় ৭ পিস।

অর্থাৎ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোগীর বেশধারী ব্যক্তি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সাথে জড়িত বলে কোনো তথ্য পাওয়া যায়নি। অধিকন্তু, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক নন।

সুতরাং, বিমানবন্দরে মাদকসহ জুলাই যোদ্ধা আটক দাবিতে ২০২৫ সালে মাদকসহ ভারতীয় নাগরিককে আটকের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: