‘গোড়ালি ভেঙ্গে গেলেও মেসি কার্ড পেত না’ শীর্ষক মন্তব্য করেননি আইসা মান্দি 

গত ১৭ জুন ফিফা বিশ্বকাপ ২০২৬ এ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও আলজেরিয়া৷ ম্যাচের ৩১তম মিনিটে আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দি ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বল দখলের লড়াই হয়। এতে মেসি নিজের বুট দিয়ে আইসা মান্দিকে আঘাত করেন, তবে মেসিকে পোলিশ রেফারি সাইমন মার্সিনিয়াক কোনো কার্ড দেখাননি এবং ভিএআরও হস্তক্ষেপ করেনি। এরই প্রেক্ষিতে সম্প্রতি নানা গণমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, আইসা মান্দি বলেছেন, ‘গত রাতে যদি আমার গোড়ালি ভেঙেও যেত, তবু মেসি কোনো কার্ড পেত না। রেফারিদের আরো ভালো হতে হবে। পুরো বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে।’

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: মাছরাঙা টিভি, চ্যানেল২৪, স্টার নিউজ, টি-স্পোর্টস, কালবেলা, কালের কণ্ঠ (ফেসবুক), বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, ইত্তেফাক (ফেসবুক), সময়ের আলো (ফেসবুক), বাংলাদেশ টাইমস, সময়ের কণ্ঠস্বর, ঢাকা মেইল, বাংলানিউজ২৪, বিডি২৪রিপোর্ট, ঠিকানা নিউজ, বাহান্ন নিউজ, একুশের বাংলাদেশ, টাইমস টুডে, ক্রিকফ্রেন্জি, ঢাকা টুডে, বিডিক্রিকটাইম (ফেসবুক), দ্য নিউজ বিডি (ইউটিউব), খেলা ৭১

এরূপ দাবিতে গণমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে

এরূপ দাবিতে গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে

গণমাধ্যম ছাড়াও নানা ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম থেকেও আলোচিত দাবি প্রচার করে হয়েছে। দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গোড়ালি ভেঙ্গে গেলেও মেসি কার্ড পেত না’ শীর্ষক মন্তব্য করেননি আইসা মান্দি। প্রকৃতপক্ষে একটি অনির্ভরযোগ্য ফুটবল ভিত্তিক সার্কাজম এক্স অ্যাকাউন্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে পরবর্তীতে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে কতিপয় গণমাধ্যমে সূত্রপাত হিসেবে ‘ডেইলি স্পোর্টস’ এর উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে চেক রিপাবলিক ভিত্তিক খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ‘ডেইলি স্পোর্টস’ এর ওয়েবসাইটে গত ১৮ জুনে আলোচিত দাবিতে প্রচারিত প্রতিবেদন পাওয়া যায়। তবে প্রতিবেদনে কোনো যাচাইযোগ্য বা নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের সংযুক্তি পাওয়া যায়নি। দাবিটির উৎস হিসেবে ডেইলি স্পোর্টস এর প্রতিবেদনে ‘Legion’ নামক একটি এক্স অ্যাকাউন্টের পোস্টের সংযুক্তি পাওয়া যায়।

পরবর্তীতে ‘Legion’ নামক এক্স অ্যাকাউন্টটিতে ১৭ জুন সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে আলোচিত দাবিতে প্রচারিত মূল পোস্টটি পাওয়া যায়। পোস্টে আইসা মান্দির ইনস্টাগ্রাম স্টোরি দাবিতে একটি স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। স্ক্রিনশটে লেখা রয়েছে, ‘If I’d fractured my ankle last night, the guy who did it would’ve walked away with no card. Refs need to do better. The whole world is watching.’

কিন্তু পোস্টটি প্রচারের ঘন্টাখানেকের মধ্যে আইসা মান্দির ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে তাতে এরূপ কোনো পোস্ট বা স্টোরি পাওয়া যায়নি। পাশাপাশি, অনুসন্ধানে অনলাইনে উক্ত এক স্ক্রিনশট সংস্করণ ব্যতীত আর কোনো স্ক্রিনশট সংস্করণও পাওয়া যায়নি। আইসা মান্দি প্রকৃতপক্ষে এমন কোনো স্টোরি দিয়ে থাকলে তা আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে উক্ত কথিত স্টোরির অন্য কোনো সংস্করণের সংযুক্তিসহ কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

এদিকে আলোচিত দাবিতে করা মূল পোস্টকারী ‘Legion’ নামক এক্স অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে অ্যাকাউন্টের পরিচিতি অংশে মেসির রাইভাল ক্রিশ্চিয়ানো রোনালদো ও রিয়াল মাদ্রিদ ক্লাবের ভক্তের উল্লেখ পাওয়া যায়। পাশাপাশি বায়োতে ‘জোকস | আসল/ভুয়া আপডেট’ এর উল্লেখ পাওয়া যায়। এতে করে স্পষ্ট যে বিশ্বাসযোগ্যতার হিসেবে উক্ত অ্যাকাউন্টটি অনির্ভরযোগ্য।

পরবর্তীতে, মেসির বিষয়ে আইসা মান্দি কোনো মন্তব্য করেছেন কি না এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ওয়েবসাইটে গত ১৭ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, “মেসি সম্পর্কে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দি বলেন, ‘যে জিনিসটা পার্থক্য গড়ে দেয় তা হলো, তাদের দলে এমন একজন খেলোয়াড় আছেন যিনি কোনো সুযোগ হাতছাড়া করেন না। প্রায় প্রতিটি সুযোগই জালের ভেতরে গিয়ে শেষ হয়।’ ‘তিনি এমন একজন খেলোয়াড়, সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড়, আর এটাই তার কার্যকারিতা, যা সত্যিই অবিশ্বাস্য। আমরা এটা জানতাম, আমরা তাকে যতটা সম্ভব আটকে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু তা কাজ করেনি।’” (অনূদিত)

প্রসঙ্গত, ‘গোড়ালি ভেঙ্গে গেলেও মেসি কার্ড পেত না’ শীর্ষক মন্তব্য আইসা মান্দি না করলেও উক্ত ম্যাচের রেফারির পার্ফরম্যান্সের বিষয়ে আলজেরিয়া ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে বলে রয়টার্স সূত্রে জানা যায়। অভিযোগে আইসা মান্দির সাথে মেসির উক্ত ট্যাকলের ঘটনারও উল্লেখ রয়েছে।

সুতরাং, ‘গোড়ালি ভেঙ্গে গেলেও মেসি কার্ড পেত না’ শীর্ষক মন্তব্য আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দি করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: