সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা “ডাকসুতে দরকার আওয়ামী লীগ সরকার” শীর্ষক স্লোগান দিচ্ছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা “ডাকসুতে দরকার আওয়ামী লীগ সরকার” শীর্ষক স্লোগান দেননি। বরং, তারা “ডাকসুতে দরকার আল আমিন সরকার” স্লোগান দিয়েছেন।
অনুসন্ধানে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাধারণ সম্পাদক আল আমিন সরকারের ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ২৬ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে শোনা যায়, শিক্ষার্থীরা “ডাকসুতে দরকার আওয়ামী লীগ সরকার” নয়, বরং “ডাকসুতে দরকার আল আমিন সরকার” স্লোগান দিচ্ছেন।
অনুসন্ধানে আরও জানা যায়, গত বছর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেছিলেন জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাধারণ সম্পাদক আল আমিন সরকার। এটি সেই নির্বাচনের প্রচারণার ভিডিও ছিল।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আল আমিন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডাকসু নির্বাচনের আগে গত বছরের ২৬ আগস্ট আমি দোয়া চাইতে আমার বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যাই। তখন আমার জুনিয়ররা একটি ক্লাসরুমে এই স্লোগান দেয়৷ এখানে বলা হয়েছিল– ‘ডাকসুতে দরকার, আল আমিন সরকার।’
সুতরাং, “ডাকসুতে দরকার আল আমিন সরকার” স্লোগানের ভিডিওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের “ডাকসুতে দরকার আওয়ামী লীগ সরকার” স্লোগান দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Al Amin Sarkar- Facebook Post (1, 2, 3))
- Bangladesh Times- Facebook Post
- Al Amin Sarkar- Statement


