সম্প্রতি, ‘কুমিল্লায় বিএনপি নেতা মাসুম চৌধুরীকে গ’নধলাই।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কুমিল্লায় কোনো বিএনপি নেতাকে গণধোলাইয়ের ঘটনা নয়। প্রকৃতপক্ষে, ফরিদপুরের ভাঙ্গায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে মারধর ও গণধোলাইয়ের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘TV 24’ নামক ফেসবুক পেজে গত ৬ জুন ‘#মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিল গ্রামবাসী তাদের একটাই কথা মাদক থাকতে পারবে না’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ৯ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার অন্তত তিনটি এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে ‘মব সৃষ্টি করে’ বাড়িঘর ভাঙচুর ও বেধড়ক পিটুনি দিয়ে এলাকাছাড়া করার অভিযোগ উঠেছে। গত ৫ জুন সকাল থেকে রাত পর্যন্ত ভাঙ্গা পৌর সদরের চণ্ডীদাসদী মহল্লা, হামিরদী ইউনিয়নের হামিরদী গ্রাম ও পাশের মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।
সুতরাং, ফরিদপুরের ভাঙ্গায় মাদক ব্যবসার অভিযোগে ব্যক্তিকে মারধরের ঘটনার ভিডিওকে কুমিল্লায় বিএনপি নেতাকে গণধোলাইয়ের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।


