ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দাবিতে ভিন্ন ঘটনার ছবি প্রচার 

সম্প্রতি, ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর মৌসুমে প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে ছাদের পানিতে পা পিছলিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন দাবিতে একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ উক্ত দাবিতে প্রচারিত একাধিক পোস্টে পৃথকভাবে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে এই অপমৃত্যু হয়েছে বলে দাবি করা হয়৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবির সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, পাবনায় ছাদে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বিডি টুডে এর ওয়েবসাইটে গত ১৮ জুন ‘পাবনায় ছাদের পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শাহাদাতের’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামে নিজ বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের সময় পা পিছলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শাহাদাত হোসেন (৪০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শাহাদাত হোসেন কদমডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মোঃ জুরবার আলীর পুত্র।

পরবর্তীতে, এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (, ) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৮ জুন সকালে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারের ‘আকুল স্টোরের’ কর্মী শাহাদাত (৩০) নামক ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। সেদিন দেবোত্তর বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে আকুল স্টোরের ছাদে পড়ছিল। পানি পড়া বন্ধ করার উদ্দেশ্যে শাহাদাত ছাদে ওঠেন। একপর্যায়ে তার পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উক্ত এসব প্রতিবেদন থেকে ওই ব্যক্তি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা অথবা অন্য কোনো দেশের পতাকা ছাদে টানাতে গিয়ে অপমৃত্যু শিকার হয়েছেন বলে শীর্ষক কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, পাবনায় ছাদের পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনাকে ব্রাজিল/আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: