ব্রাজিল-মরক্কোর ম্যাচে গ্যালারিতে দুই তরুণীর মারামারির দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত

সম্প্রতি, চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ এ গত ১৩ জুন দিবাগত রাতে অনুষ্ঠিত ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচের প্রেক্ষিতে ‘ব্রাজিল ও মরক্কোর ম্যাচে স্টেডিয়ামের গ্যালারীতে ২ তরুণীর তুমুল মা*রা’মা*রি’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্রাজিল ও মরক্কোর ম্যাচে গ্যালারিতে দুই তরুণীর মারামারির এই দৃশ্যটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। ফিফা বিশ্বকাপের কোনো ম্যাচে গ্যালারিতে এরূপ কোনো মারামারির ঘটনা ঘটলে এ বিষয়ে জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে এ দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Lucky.fun’ নামক একটি অনলাইন ক্রিপ্টো ক্যাসিনো ও আই-গেমিং প্লাটর্মের এক্স হ্যান্ডেলে গত ১৪ জুন আলোচিত ভিডিওটি পোস্ট হতে দেখা যায়।

পরবর্তীতে আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, শুরুতে মরক্কোর জার্সি পরা তরুণীর জার্সির পেছনে ‘১০’ লেখা থাকলেও পরবর্তী দৃশ্যে তা পরিবর্তিত হয়ে ‘A’ হয়ে যায়। এছাড়া বিভিন্ন দৃশ্যে ব্রাজিলের জার্সি পরিহিত তরুণীর মুখাবয়বের গঠন এবং মরক্কোর জার্সি পরা তরুণীর চুল বাঁধার ধরনে অসঙ্গতি লক্ষ্য করা যায়। এ ধরনের হঠাৎ পরিবর্তন ও দৃশ্যগত অসামঞ্জস্য সাধারণত এআই-নির্মিত ভিডিওর বৈশিষ্ট্য।

উক্ত ভিডিওটি এআই দ্বারা তৈরি কিনা তা নিশ্চিত করতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Detect’ এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৭৯.২%।

এছাড়াও, আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, ফিফা বিশ্বকাপে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে দুই তরুণীর মারামারির দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।

তথ্যসূত্র

Share: