ধানমন্ডি ৩২ নম্বরে পলক, মাশরাফী ও সম্রাটের অবস্থানের দাবিতে প্রচারিত ছবিগুলো এআই নির্মিত 

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অবস্থান দাবিতে ভিন্ন ভিন্ন পোস্টে দুইটি আলাদা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ধানমন্ডি ৩২ নম্বরে জুনাইদ আহমেদ পলকের ছবি দাবিতে পোস্ট দেখুন: এখানে এবং এখানে

একইস্থানে মাশরাফী বিন মর্তুজা ও ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ছবি দাবিতে পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই দাবি সংবলিত ছবিগুলো তৈরি করে তা প্রচার করা হয়েছে।

১ম ছবি যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া, কারাগার থেকে পলকের মুক্তি পাওয়ার দাবিটিও সত্য নয়।

পরবর্তীতে, প্রচারিত ছবিটি এআই দ্বারা সম্পাদিত কিনা তা যাচাইয়ের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation-এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। পাশাপাশি, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে এটিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেমিনির লোগোও দেখতে পাওয়া যায়।

অর্থাৎ, ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর বাড়ির সামনে জুনাইদ আহমেদ পলকের ছবি দাবিতে প্রচারিত এই ছবিটি এআই নির্মিত।

২য় ছবি যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে মাশরাফী ও সম্রাটের ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর বাড়ির সামনে অবস্থানের খবর পাওয়া যায়নি।

পরবর্তীতে, প্রচারিত ছবিটি এআই দ্বারা সম্পাদিত কিনা তা যাচাইয়ের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation-এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। পাশাপাশি, গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্য অনুযায়ী, আলোচিত ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে।

অর্থাৎ, ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর বাড়ির সামনে মাশরাফী ও সম্রাটের ছবি দাবিতে প্রচারিত এই ছবিটিও এআই নির্মিত।

উল্লেখ্য, পূর্বেও ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর বাড়ির সামনে সেলিনা হায়াৎ আইভীর ছবি দাবিতে এআই নির্মিত ছবি প্রচার করা হয়। সেসময়ে উক্ত ছবির বিষয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জুনাইদ আহমেদ পলক, মাশরাফী বিন মর্তুজা ও ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের উপস্থিতির দাবিতে প্রচারিত ছবিগুলো এআই নির্মিত।

তথ্যসূত্র

  • AI Detection 
  • Rumor Scanner’s Analysis 
Share: