গত ০৫ জুন (শুক্রবার) ‘জুম্মার নামাজ শেষ করে শেখ হাসিনা স্লোগানে উত্তাল ঢাকা’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওতে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান নিখিলকে সামনের সারিতে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির ভিডিওকে সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Super News BD’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৪ আগস্টে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শেষের দিকের দৃশ্যের সাথে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে বাংলা ভিশনের ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ ২০২৪ সালের ০৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন সূত্রে জানা যায়, ঐসময়ে দেশজুড়ে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলন’ এবং সরকার পতনের এক দফা দাবি রুখতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান নিখিলকে নেতৃত্ব দিতে দেখা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির ভিডিওকে সম্প্রতি শেখ হাসিনা স্লোগানে উত্তাল ঢাকা শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Super News BD: আওয়ামী লীগ নেতাকর্মীর দখলে মিরপুর-১০
- BVNEWS24: সকাল থেকেই মিরপুর-১০ নম্বরে যুবলীগ-ছাত্রলীগের অবস্থান


