সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য দাবিতে একটি ভিডিও প্রচার করে হয়েছে। প্রচারিত ভিডিওতে দীনেশ ত্রিবেদী সদৃশ এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি চাই বাংলাদেশ এবং ভারত এক হয়ে যাক। বাংলাদেশ যদি ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমরা বিশ্বে এক শক্তিধর দেশ হবো। এমনিতেও আমরা বাংলাদেশ দখল করবোই। বাংলাদেশের তো কিছুই নেই। বিশ্বে ভারত একটি শক্তিধর দেশ, বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত হলে বাংলাদেশেরই উপকার হবে। এ বিষয়েই তারেক রহমানের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে।’
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাংলাদেশ দখল করবোই’ শীর্ষক বক্তব্যের প্রচারিত ভিডিওটি দীনেশ ত্রিবেদীর আসল বক্তব্যের নয়। প্রকৃতপক্ষে, তার ভিন্ন একটি বক্তব্যের ভিডিওর দৃশ্য ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Sesh TV’ নামক এক ফেসবুক পেজে গত ১৩ জুনে আলোচিত মূল ভিডিওটি প্রচার হতে দেখা যায়৷

পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে লেখা পাওয়া যায়, ‘এই পেইজের সকল ভিডিও এ আই নির্মিত, এই পেইজের কোন পোস্ট কেউ সিরিয়াস ভাবে নিবেন না, সমসাময়িক ঘটনাগুলো এ আই এর মাধ্যমে তুলে ধরা হয়, ধন্যবাদ’।
এছাড়াও, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে কথিত দীনেশ ত্রিবেদীর কথার স্বর, ভাবভঙ্গি ও পারিপার্শ্বিক অবস্থায় খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিওতে দেখা যায়।
প্রচারিত ভিডিওটি কোন দৃশ্যের প্রেক্ষিতে তৈরি, এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘আজকের পত্রিকা’র ফেসবুক পেজে গত ১২ জুনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওতে ভারত ও বাংলাদেশ সব কিছুতে একত্রে এক হয়ে কাজ করার বিষয়ে দীনেশ ত্রিবেদী কথা বলেন। তবে ভিডিওতে তিনি বাংলাদেশকে দখল করার বিষয়ে আলোচিত দাবির অনুরূপ কোনো কথা বলেননি।
এছাড়াও, প্রচারিত ভিডিওটি এআই কনটেন্ট যাচাইকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট‘ এর সাহায্যে বিশ্লেষণ করলে এটি এআই তৈরি হওয়ার সম্ভাবনা সিংহভাগ (প্রায় ৬৭ শতাংশ) দেখা যায়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও বাংলাদেশকে দখল করার বিষয়ে আলোচিত মন্তব্য দীনেশ ত্রিবেদীর করার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ দখল করবোই’ বক্তব্যের দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- Sesh TV – Facebook Post
- Hive Detect
- Ajker Patrika – Facebook Post


