মিছিলে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় চিকিৎসককে মারধর দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি ফেসবুকে ৪৯ সেকেন্ড সময়ের দীর্ঘ একটি ভিডিও প্রচার করা দাবি করা হচ্ছে, মিছিলে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় হাসপাতালে ঢুকে এক চিকিৎসককে মারধর করছে বিএনপির সমর্থকেরা। 

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে, বরিশাল নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘News Barishal’ নামক ফেসবুক পেজে গত ১০ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

ভিডিওটি বিশ্লেষণে জানা যায়, সম্প্রতি বরিশাল নগরের সদর রোডের বাকলার মোড় এলাকায় অবস্থিত কেএমসি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। সংঘর্ষে এক চিকিৎসক ও রোগীর কয়েকজন স্বজন আহত হয়েছেন এবং পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এছাড়া আলোচিত ঘটনার বিষয়ে গত ১০ জুন তারিখে দেশিয় মূলধারার একাধিক (সময় নিউজ, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা পোস্ট) সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়। উক্ত সংবাদ প্রতিবেদনগুলো বিশ্লেষণেও একই তথ্যের সন্ধান পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটির সাথে মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া কিংবা রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, বরিশালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ভিডিওকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বিএনপি সমর্থকদের চিকিৎসক মারধরের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: