সম্প্রতি, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘ছাত্ররা আমাকে দেশের দায়িত্ব নিতে জোর করেছিল, আমি অর্থনীতি ভালো বুঝি তবে রাজনীতি না। যতটুকু দেশের জন্য করতে চেয়েছিলাম কিন্তু একটি দল চারদিক থেকে এমন ভাবে পরিবেশ নষ্ট করেছিল যা ঠিক করতে গেলে ওসমান হাদীর মত অসংখ্য যোদ্ধার লাশ আবারো রাস্তায় পড়ে থাকতো’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি পোস্টটি অন্তত ১৬ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশ পরিচালনা প্রসঙ্গে আলোচিত মন্তব্য করেননি ড. মুহাম্মদ ইউনূস। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
অনুসন্ধানের অংশ হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও ফেসবুক পেজে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।
সাধারণত ড. মুহাম্মদ ইউনূসের মতো শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি, বিশেষ করে রাজনৈতিকভাবে স্পর্শকাতর কোনো বিষয়ে মন্তব্য করলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস দেশ পরিচালনা প্রসঙ্গে এমন কোনো মন্তব্য করেছেন বলে বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস ‘ছাত্ররা আমাকে দেশের দায়িত্ব নিতে জোর করেছিল, আমি অর্থনীতি ভালো বুঝি তবে রাজনীতি না। যতটুকু দেশের জন্য করতে চেয়েছিলাম কিন্তু একটি দল চারদিক থেকে এমন ভাবে পরিবেশ নষ্ট করেছিল যা ঠিক করতে গেলে ওসমান হাদীর মত অসংখ্য যোদ্ধার লাশ আবারো রাস্তায় পড়ে থাকতো’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Muhammad Yunus: Facebook Page


