প্রথম বিশ্বকাপের নয়, এটি ১৯৪৭ সালের ম্যানচেস্টার ডার্বির সম্পাদিত ছবি

গত ১১ জুন ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শুরু হয়েছে, যা চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করছে এবং সব মিলিয়ে ১০০টিরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের এই আসরটি মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হচ্ছে। এর প্রেক্ষিতে একটি ছবি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘১৯৩৪ সালের প্রথম বিশ্বকাপের একটি ছবি।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম বিশ্বকাপ ১৯৩৪ সালে নয়, ১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া, আলোচিত ছবিটি প্রথম বিশ্বকাপেরও নয়। প্রকৃতপক্ষে, ১৯৪৭ সালের ম্যানচেস্টার ডার্বির পুরোনো একটি ছবি সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ফিফার ওয়েবসাইটে চলতি বছরের ৪ জানুয়ারি ১৯৩০ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়নদের নিয়ে প্রকাশিত একটি নিবন্ধ পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপের প্রথম আসরটি ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। নিবন্ধটিতে ওই বিশ্বকাপের একটি ছবিও সংযুক্ত রয়েছে।

পরবর্তীতে আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে স্টক ফটো সংস্থা গেটি ইমেজেসের ওয়েবসাইটে আলোচিত ছবির সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ছবি পাওয়া যায়। দুইটি ছবির মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য দেখা যায়। গেটি ইমেজেসে পাওয়া ছবিটি সাদাকালো হলেও আলোচিত ছবিটি রঙিন। এছাড়া, করমর্দনরত দুই খেলোয়াড়ের প্যান্টেও পার্থক্য রয়েছে। ছবিটির বিবরণ থেকে জানা যায়, এটি ১৯৪৭ সালে ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ডার্বির আগে দুই দলের অধিনায়কের করমর্দনের ছবি।

সুতরাং, ১৯৪৭ সালের ম্যানচেস্টার ডার্বির পুরোনো ছবি সম্পাদনা করে প্রথম বিশ্বকাপের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: