২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেদিনই পাশ্বর্বর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় নেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু দলীয় নেতাকর্মীদের সাথে ফোনে যোগাযোগ ও ইমেইলে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার তথ্য পাওয়া যায়। তবে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক নেতাকর্মীদের সাথে তার সাক্ষাতের তথ্য পাওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শেখ হাসিনার সাথে সাক্ষাত হয়েছে জানিয়ে “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার দেখা এবং কথা হয়েছে। তিনি একজন অভিজ্ঞ দেশ পরিচালক। যেদিন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, উন্নতর দিকে অগ্রসারিত বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত একই দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আলোচিত মন্তব্যটি করার তথ্যটি সঠিক নয়। এছাড়াও শেখ হাসিনার সাথে সাম্প্রতিক সময়ে তার সাক্ষাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, সম্পর্ণূ ভিত্তিহীনভাবে কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই তার নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক কিংবা ভারতীয় কোনো গণমাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সাথে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাক্ষাতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, মেলোনির আলোচিত মন্তব্যটি করার কোনো প্রমাণও পাওয়া যায়নি।
জর্জিয়া মেলোনির সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতেও এ সংক্রান্ত কোনো পোস্টের দেখা পাওয়া যায়নি।
সুতরাং, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং তাকে নিয়ে আলোচিত মন্তব্য করার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis


