অক্সফোর্ডের শিক্ষার্থীদের কাছ থেকে খণ্ডকালীন শিক্ষক হওয়ার প্রস্তাব পাওয়া নিয়ে হাসনাতের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, “অক্সফোর্ড ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলো। তারা এক পর্যায়ে বলে উঠে, আমাদের শিক্ষকেরাও আপনার মত জ্ঞানী না এবং আমাকে খণ্ডকালীন শিক্ষক হওয়ারও প্রস্তাব দেয় তারা!” শীর্ষক মন্তব্যটি হাসনাত আব্দুল্লাহ করেছেন এমন একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে খণ্ডকালীন শিক্ষক হওয়ার প্রস্তাব পাওয়ার বিষয়ে হাসনাত আব্দুল্লাহ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটি প্রথমে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই একটি সার্কাজম পেজে মজার ছলে প্রচার করা হয়। পরবর্তীতে সেটিই যাচাই-বাছাই ছাড়াই আসল দাবি হিসেবে ছড়িয়ে পড়ে।

হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়া বিষয়টি বর্তমানে সারাদেশে আলোচিত বিষয়। এরমধ্যে হাসনাত আব্দুল্লাহ আলোচিত মন্তব্যটি প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টে আলোচিত মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৫ জুন সন্ধ্যা ০৭টা ৫৫ মিনিটে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট (, , ) পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, হাসনাত আব্দুল্লাহ ‘অক্সফোর্ড ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলো। তারা এক পর্যায়ে বলে উঠে, আমাদের শিক্ষকেরাও আপনার মত জ্ঞানী না এবং আমাকে খণ্ডকালীন শিক্ষক হওয়ারও প্রস্তাব দেয় তারা!’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: