ইসলামী ব্যাংক ইস্যুতে জামায়াতের অফিস ঘেরাও করা হবে দাবিতে একাত্তর টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ১ জুন থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি চলছে। এরই প্রেক্ষিতে ‘ইসলামী ব্যাংক থেকে লুট করা গ্রাহকদের ২২ হাজার কোটি টাকা ফেরত না দিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস ঘেরাও করা হবে বলে জানিয়েছেন গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক।’ শিরোনামে একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইসলামী ব্যাংক থেকে লুট করা গ্রাহকদের ২২ হাজার কোটি টাকা ফেরত না দিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস ঘেরাও করা হবে বলে জানিয়েছেন গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক।’ শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে একাত্তর টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৯ জুন, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

একাত্তর টিভির লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, একাত্তর টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে ৯ জুন একাত্তর টিভির ব্যবসায়িক ও অর্থনৈতিক অনুষ্ঠান একাত্তর বিজনেসের ফেসবুক পেজে “সিআরআর রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক, চাইলো ১০ হাজার কোটির সহায়তা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে।

একাত্তর টিভির মূল ফটোকার্ডটিতে ‘সিআরআর রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক, চাইলো ১০ হাজার কোটির সহায়তা’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ইসলামী ব্যাংক থেকে লুট করা গ্রাহকদের ২২ হাজার কোটি টাকা ফেরত না দিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস ঘেরাও করা হবে বলে জানিয়েছেন গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, ‘ইসলামী ব্যাংক থেকে লুট করা গ্রাহকদের ২২ হাজার কোটি টাকা ফেরত না দিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস ঘেরাও করা হবে বলে জানিয়েছেন গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক।’ শিরোনামে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: