‘কিচেন ক্যাবিনেট’ প্রসঙ্গে আসিফ মাহমুদের নামে ভুয়া মন্তব্য প্রচার

কিচেন ক্যাবিনেট, মূলত সরকারের আনুষ্ঠানিক বা সাংবিধানিক মন্ত্রিসভার বাইরে থাকা এক ক্ষুদ্র গোষ্ঠীটিকে বোঝায়। যারা পর্দার আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনার অত্যন্ত সংবেদনশীল ও নীতিগত সিদ্ধান্তগুলো নির্ধারণে প্রভাব ফেলে। বাংলাদেশের রাজনীতিতে এই শব্দটি প্রসঙ্গিক হয়ে ওঠে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারের মাধ্যমে।

সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিগত অন্তর্বর্তী সরকার পরিচালনায় নীতিগত ও কৌশলগত বড় সিদ্ধান্তগুলো সুনির্দিষ্ট একটি ‘সাত সদস্যের অনানুষ্ঠানিক প্রভাবশালী চক্র’ বা কিচেন কেবিনেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। তার অভিযোগ, এই প্রভাবশালী গোষ্ঠীটি প্রতি মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিয়মিত গোপন বৈঠকে বসত এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ এজেন্ডা ঠিক করত। এই চক্রের সদস্যদের অভিজ্ঞতা কম থাকলেও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতো।

এরই প্রেক্ষিতে সম্প্রতি, বিগত ওই সরকারের সাবেক যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া “সকল সিদ্ধান্ত কিচেন ক্যাবিনেট থেকেই আসতো ইউনুস স্যার যে আমাদের ব্যবহার করে ক্ষমতায় আসছে সেটা উপদেষ্টা হওয়ার কিছুদিন পরেই বুঝতে পারি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘কিচেন ক্যাবিনেট’ প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটি প্রথমে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই একটি সার্কাজম পেজে মজার ছলে প্রচার করা হয়। পরবর্তীতে সেটিই যাচাই-বাছাই ছাড়াই আসল দাবি হিসেবে ছড়িয়ে পড়ে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে আসিফ মাহমুদের আলোচিত মন্তব্যটি করার সত্যতা পাওয়া যায়নি। এছাড়াও তার ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করেও এমন মন্তব্য সংবলিত কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে ফটোকার্ডটির বামপাশের উপরের দিকে দেখতে পাওয়া BENGALI STEAM লেখা সংবলিত লোগোটির সূত্র ধরে অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৬ মে রাত ৯টা ৪৯ মিনিটে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট (, , ) পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া “সকল সিদ্ধান্ত কিচেন ক্যাবিনেট থেকেই আসতো ইউনুস স্যার যে আমাদের ব্যবহার করে ক্ষমতায় আসছে সেটা উপদেষ্টা হওয়ার কিছুদিন পরেই বুঝতে পারি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Bengali Steam Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: