সম্প্রতি, ১৫১৫টি পদ উল্লেখ করে ‘সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি’ দাবিতে একটি কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে ছড়ানো হচ্ছে। পোস্টটিতে আবেদনের শেষ তারিখ ১৮ জুন ২০২৬ উল্লেখ করে [email protected] ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে বলা হয়েছে।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর ‘সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্র’ নামে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। বরং প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত অধিদপ্তরের বিভিন্ন শাখার ওয়েবসাইট এবং পত্রিকায় প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সুনির্দিষ্ট ওয়েবসাইটের (টেলিটক) মাধ্যমে আবেদন করতে হয়। তবে কথিত এই বিজ্ঞপ্তিতে জিমেইল পরিষেবার একটি ইমেইল ঠিকানায় আবেদন করতে বলা হয়েছে, যা সন্দেহের উদ্রেক করে।
বিজ্ঞপ্তিটিতে জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ (১২ জুন, ৫ নম্বর পৃষ্ঠা) ও জনকণ্ঠ (১২ জুন, ৪র্থ পৃষ্ঠা) সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। যাচাই করে দেখা যায়, আলোকিত বাংলাদেশ-এর ১২ জুনের ই-পেপারের ৫ নম্বর পৃষ্ঠায় এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই।
অন্যদিকে জনকণ্ঠ-এর ওয়েবসাইট ও ই-পেপার বর্তমানে অকার্যকর। উল্লেখ্য, অভ্যন্তরীণ অস্থিরতা ও অননুমোদিত নিয়ন্ত্রণের অভিযোগে দৈনিক জনকণ্ঠের প্রকাশনা ২০ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল এবং ঈদের ছুটির পর থেকে পত্রিকাটি আর ছাপা হচ্ছে না। এ অবস্থায় ১২ জুন তারিখে উক্ত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিটি আরও সন্দেহজনক হয়ে ওঠে।
উল্লেখ্য, একই দাবিতে ২০২৬ সালের জানুয়ারি মাসে বিজ্ঞপ্তিটি প্রচার করা হলে সেসময় দাবিটি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, ‘সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ’ শিরোনামে ফেসবুকে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis
- Alokito Bangladesh – E-paper


