স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন বলে মন্তব্য করেননি বাবর

ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে চলমান দ্বন্দ্বের মধ্যে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরকে উদ্ধৃত করে একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পড়েছে। বলা হচ্ছে- লুৎফুজ্জামান বাবর বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে শুধু নিজের নামেই ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন।

উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত পোস্ট দেখুন: ফেসবুক, টিকটক, থ্রেডস

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসলামী ব্যাংকে স্বরাষ্ট্রমন্ত্রীর ৮৩ হাজার কোটি টাকা ঋণ আছে বলে মন্তব্য করেননি লুৎফুজ্জামান বাবর। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

সাধারণত দেশের শীর্ষ পর্যায়ের কোনো রাজনৈতিক নেতা, বিশেষ করে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচিত কোনো মন্তব্য করলে সেটি জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু কোথাও সালাহউদ্দিন আহমদ সম্পর্কে লুৎফুজ্জামান বাবরের এমন কোনো মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি।

একই মন্তব্যটি সম্প্রতি জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা গেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, জামায়াত আমীর এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তিনি বলেছেন এস আলম ইসলামী ব্যাংক থেকে ৮২ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে।

সুতরাং, ইসলামী ব্যাংক ইস্যুতে সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis
Share: