স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েলকে অনুমোদনের দাবিটি মিথ্যা

সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ পাসপোর্টে ইসরায়েলকে অনুমোদন দিয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ )।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ পাসপোর্টে ইসরায়েলকে অনুমোদন দেননি। প্রকৃতপক্ষে, গত ২৪ মে বাংলাদেশি পাসপোর্টে ফের ‘একসেপ্ট ইসরায়েল (ইসরায়েল ছাড়া সব দেশে ভ্রমণ করা যাবে)’ যুক্ত হচ্ছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অনুসন্ধানে জাগোনিউজের ওয়েবসাইটে গত ২৪ মে “পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘একসেপ্ট ইসরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ মে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশি পাসপোর্টে ফের ‘একসেপ্ট ইসরায়েল (ইসরায়েল ছাড়া সব দেশে ভ্রমণ করা যাবে)’ যুক্ত হচ্ছে।

পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ ফিরছে কি না বা আর কী কী পরিবর্তন আসছে—জানতে চাইলে তিনি বলেন, এটি সত্য যে সামনে যে পাসপোর্টগুলো ইস্যু করা হবে, সেসব পাসপোর্টে আমরা আগের মতোই ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটা যুক্ত করবো। এটি আমাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। এটি বাংলাদেশের গণমানুষের চাহিদাও বটে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্টের ভিসা পেজের মধ্যে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে একটি ব্যক্তিতান্ত্রিক চর্চা আমরা লক্ষ্য করেছি। যেটা বাংলাদেশ অধিকাংশ জনগণ এবং এদেশের কালচারকে প্রতিনিধিত্ব করে না। সেক্ষেত্রে আমরা এটিকে বাংলাদেশের মানুষের চাহিদা অনুসারে সাজানোর চেষ্টা করেছি।

সময় টিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশি পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেয়া এ শব্দবন্ধ পুনর্বহালের পথে হাঁটছে বর্তমান বিএনপি সরকার।

অর্থাৎ, ‘Except Israel‘ মূলত একটি শব্দবন্ধ। যার অর্থ ‘ইসরায়েল ব্যতীত’। এখানে ‘Except’ শব্দ থাকায় নেটিজেনরা ভেবে নিচ্ছেন এর মানে ইসরায়েলকে অনুমোদন বা স্বীকৃতি দেওয়া। ফলে, বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।

সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ পাসপোর্টে ইসরায়েলকে অনুমোদন দিয়েছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: