রংপুর-গাইবান্ধায় রামমন্দির নির্মাণ কেন্দ্রিক সশস্ত্র হিন্দুদের মহড়া দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ‘রংপুরে হিন্দুদের রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হিন্দুদের শোডাউন। জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক, ভয়।’ এবং ‘গাইবান্ধার রাম মন্দিরকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র প্রদর্শন ও মহড়ার ঘটনা আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির প্রতি সরাসরি চ্যালেঞ্জ।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
রংপুরের ঘটনা দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
গাইবান্ধার ঘটনা দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিগুলোর কোনো সম্পর্ক নেই৷ প্রকৃতপক্ষে, ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘News Now বাংলা’ নামক ফেসবুক পেজে গত ১৬ জুন প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে দুই গ্রামবাসীর জড়ো হওয়ার দৃশ্য।
এছাড়া, ‘বদরগঞ্জ সার্ভিসিং সেন্টার’ নামক ফেসবুক প্রোফাইলে গত ১৫ জুন প্রকাশিত ভিডিও থেকেও একই তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে, প্রথম আলো ও যমুনা টিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ জুন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর লাগেজ হারানোর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনায় কসবার কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সুতরাং, রংপুর ও গাইবান্ধায় রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হিন্দুদের শোডাউন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- News Now বাংলা – Facebook Post
- বদরগঞ্জ সার্ভিসিং সেন্টার – Facebook Post
- প্রথম আলো – হজযাত্রীর লাগেজ হারানোর ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
- Jamuna TV – Facebook Post

