‘ইউনূস-বিএনপির ব্যর্থতায় আ.লীগ গণমানুষের দল’ শীর্ষক বক্তব্য দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘ইউনুস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ আজ গণমানুষের দল। ঠেকানোর সাধ্য আমাদের নেই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে গণমাধ্যম কালের কন্ঠ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপিকে জড়িয়ে আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে কালের কন্ঠ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কালের কন্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালের কণ্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২২ জুন, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, কালের কণ্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।
তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২২ জুন প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে কালের কণ্ঠের লোগো, তারিখ এবং সালাহউদ্দিন আহমদের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে কালের কণ্ঠের উক্ত ফটোকার্ডটির শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ইউনুস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ আজ গণমানুষের দল। ঠেকানোর সাধ্য আমাদের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’ প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
কালের কণ্ঠের উক্ত ফটোকার্ডের মন্তব্য ঘরে দেওয়া ওয়েবসাইটের লিংকে একই শিরোনামের একটি ফেসবুক রিলের লিংক পাওয়া যায়। সেখানে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই।” উক্ত ভিডিওতে তাকে ‘ইউনুস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ আজ গণমানুষের দল। ঠেকানোর সাধ্য আমাদের নেই’ সূচক বক্তব্য দিতে দেখা যায়নি৷
কালের কণ্ঠ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ফেসবুক প্রোফাইল যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডটিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টুলস জেমিনির লোগো রয়েছে এবং এটিতে ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ বানানে বিকৃতি লক্ষ্য করা যায়। এ ধরনের দৃশ্যগত অসামঞ্জস্য সাধারণত এআই-নির্মিত কনটেন্টের বৈশিষ্ট্য।
সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি যুক্ত করে ‘ইউনুস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ আজ গণমানুষের দল। ঠেকানোর সাধ্য আমাদের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’ শীর্ষক শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho- Facebook Post
- Salahuddin Ahmed – Facebook Page

