‘ইরান ফুটবল দলকে আঘাত করলে ট্রাম্পের সঙ্গে ইতালির যুদ্ধ হবে’- জর্জিয়া মেলোনির নামে প্রচারিত উক্তিটি ভুয়া

বিশ্বকাপে ইরান ফুটবল দলের অংশগ্রহণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উদ্ধৃত করে একটি মন্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে: জর্জিয়া মেলোনি বলেছেন- ‘আমেরিকায় যদি ফুটবল টিম ইরানকে অসম্মান বা আঘাত করে তাহলে ইরান নয় ইতালির সাথে ট্রাম্পের যুদ্ধ সূত্রপাত ঘটবে’।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত পোস্টটি প্রায় ৩ লক্ষবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইরান ফুটবল দল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে জর্জিয়া মেলোনি এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
অনুসন্ধানের অংশ হিসেবে জর্জিয়া মেলোনির ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, থ্রেডস অ্যাকাউন্টে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।
সাধারণত বিশ্বের শীর্ষ পর্যায়ের কোনো রাজনৈতিক নেতা, বিশেষ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বা ভূরাজনৈতিক ইস্যুতে আলোচিত কোনো মন্তব্য করলে সেটি বৈশ্বিক গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ বা ইরান ফুটবল দল সম্পর্কে এমন কোনো বিতর্কিত মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
সম্প্রতি পার্লামেন্টে এক বক্তব্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মধ্যপ্রাচ্যের চলমান সংকট সম্পর্কে বলেছেন, ‘তেহরান যদি ভুল পথে চলতে থাকে, তাহলে ইউরোপীয় ইউনিয়নকে নতুন লক্ষ্যভিত্তিক পদক্ষেপের মাধ্যমে চাপ বাড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে।’
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন যেন ভূরাজনৈতিক কারণে ইরানকে ২০২৬ বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সেখানে ইতালিকে সুযোগ দেওয়া হয়। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই আবেদনটি সরাসরি নাকচ করে দিয়ে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করে। অন্যদিকে, ইতালির মেলোনি সরকারও এই প্রস্তাবটি কঠোরভাবে প্রত্যাখ্যান করে স্পষ্ট জানায়, রাজনৈতিক টেবিল টকে অন্য দেশের জায়গায় নয়, বিশ্বকাপে খেলার যোগ্যতা ফুটবল মাঠেই অর্জন করতে হয়।
সুতরাং, জর্জিয়া মেলোনি ‘আমেরিকায় যদি ফুটবল টিম ইরানকে অসম্মান বা আঘাত করে তাহলে ইরান নয় ইতালির সাথে ট্রাম্পের যুদ্ধ সূত্রপাত ঘটবে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Giorgia Meloni – Instagram Account
- Giorgia Meloni – YouTube Account
- Giorgia Meloni – Tiktok Account
- Giorgia Meloni – Threads Account
- Reuters – Italy PM calls for single EU voice in Russia talks, questions smaller formats
- Sky News- Giorgia Meloni’s government rules out Italy replacing Iran at World Cup
- Rumor Scanner’s analysis.

