সম্প্রতি ফেসবুকে ‘হালালা সেন্টার’ নামক একটি কাল্পনিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনকে ঘিরে তৈরি হয় নানান আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে, কথিত সেই হালালা সেন্টারের প্রতিষ্ঠাতা গ্রেফতার হয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি কথিত হালালা সেন্টারের প্রতিষ্ঠাতা ‘সানজিদা আক্তার’ গ্রেফতারের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভীর অনুসারী জিয়া বিন কাসিমকে গ্রেফতারের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে কালের কন্ঠের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর ‘সাদপন্থী নেতা জিয়া বিন কাসিম ২ দিনের রিমান্ডে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভীর অনুসারী জিয়া বিন কাসিমকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে এনটিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জোবায়ের অনুসারীদের পক্ষে হত্যা মামলা করা হয়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর জোবায়ের অনুসারীর সাথি এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ ডিসেম্বর তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্দলভির অনুসারী জিয়া বিন কাসিমকে চট্টগ্রাম ডবলমুরিং এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করা হয়।
এছাড়া, ‘কাল্পনিক’ হালালা সেন্টারের প্রতিষ্ঠাতা দাবি করা ‘সানজিদা আক্তারের’ পরিচয় সম্পর্কে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে জানা যায়নি। উক্ত ব্যক্তির পরিচয় জানা গেলে কিংবা তিনি গ্রেফতার হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার করতো।
সুতরাং, ২০২৪ সালে ভিন্ন মামলায় তাবলিগ জামাতের সাদপন্থী নেতা জিয়া বিন কাসিমকে গ্রেফতারের ছবিকে ‘হালালা সেন্টারের’ প্রতিষ্ঠাতা সানজিদা গ্রেফতারের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho – সাদপন্থী নেতা জিয়া বিন কাসিম ২ দিনের রিমান্ডে
- Prothom Alo – হালালা সেন্টার: যৌনতার ফাঁদ নাকি ধর্মীয় সমাজের ল্যাবরেটরি টেস্ট


