লন্ডনে হাসনাতের ওপর ডিম নিক্ষেপের দৃশ্য দাবিতে পর্তুগালে এনসিপির ভিন্ন নেতাকে ডিম নিক্ষেপের ভিডিও প্রচার

গত ১৫ জুন লন্ডনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে পরবর্তীতে কালো পোশাক পরা একজন ব্যক্তিকে লক্ষ্য করে সাদা পোশাক পরা কয়েকজনের ডিম নিক্ষেপের একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ আবারও লন্ডনে, কালা পাডা হাসনাত কে দৌঁড়াতে দৌঁড়াতে ডিম থেরাপি দিয়েছে’।

অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত ভিডিওটি আবারও লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে সাংবাদিক জাওয়াদ নির্ঝর এর ফেসবুক পেজে গত ২৩ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওর বিষয়ে জাওয়াদ নির্ঝরের পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ‘সিলেট জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেনকে পর্তুগালের লিসবনে ডিম নি**পে করেছে পর্তুগাল ছাত্রলীগ’।

এছাড়াও, অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ইনকিলাবসহ একাধিক সংবাদমাধ্যমের ফেসবুক পেজে আলোচিত ঘটনার ভিডিওটি পর্তুগালে এনসিপির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আখতার হোসেনের ওপর ডিম ছুঁড়ার ঘটনার দৃশ্য দাবিতে পাওয়া যায়।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে গত ২৩ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলার একটি ভিডিও শনিবার (২৩ মে) ভোরে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কোন সময়ের, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলার ঘটনার বিষয়ে আজ (২৩ মে) বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে আকতার হোসেনের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে তিনি লিখেছেন, ‘আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।’…পর্তুগালপ্রবাসী কয়েকজন জানান, গত সপ্তাহে (২৩ মে এর পূর্বের সপ্তাহ) পর্তুগালে গিয়েছেন এনসিপি নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক মো. আকতার হোসেন। পর্তুগালের লিসবনে একটি পার্কে তিনি অবস্থানকালে ছাত্রলীগের কয়েকজন নেতা তাঁর ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন।’

অর্থাৎ, উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি হাসনাত আবদুল্লাহর ওপর লন্ডনে হামলার ঘটনার দৃশ্যের নয়৷

সুতরাং, লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার দৃশ্য দাবিতে পর্তুগালে এনসিপি’র সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: