বাংলাদেশে চাঁদা না দেওয়ায় হিন্দু দোকানদারকে হত্যার দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘বাংলাদেশে স্থানীয় গুন্ডাদের চাঁদাবাজির টাকা দিতে অস্বীকার করায় এক হিন্দু দোকানদারকে গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশে এটা এখন এক নতুন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তাই কেউ পাত্তা দেয় না।’ (অনূদিত) শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে চাঁদা দিতে অস্বীকার করায় কোনো হিন্দু দোকানদারকে হত্যার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের উত্তর প্রদেশে পূর্ব শত্রুতার জেরে বাবা-ছেলেকে হত্যার একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘NextMinute News’ এর এক্স অ্যাকাউন্টে গত ১০ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি ভারতের উত্তর প্রদেশের বাঘপাত জেলায় নিজের দোকানের ভেতরে বসে থাকা এক দোকানদারকে নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনার ভিডিও।

একই দাবিতে ভিডিওটি (, , )সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ভারতীয় গণমাধ্যম ভাস্করের ওয়েবসাইটে গত ১০ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ জুন উত্তর প্রদেশের বাঘপাত জেলায় সশস্ত্র হামলাকারীরা একটি তাঁবুর দোকানে হামলা চালালে এক তাঁবুর ব্যবসার মালিক সোহানলাল (৫০) ও তার ৩০ বছর বয়সী ছেলে বিকাশ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। দুটি মোটরসাইকেলে তিনজন অপরাধী এসে বাবা-ছেলের ওপর গুলি চালায়। পুলিশের বরাতে বলা হয়, ছেলে বিকাশ হামলাকারীদের বাধা দেন এবং দাগী অপরাধী বরুণ লুহারিকে ধরে ফেলতে সক্ষম হন। এরপর ধস্তাধস্তির এক পর্যায়ে বরুণের সহযোগীরা বিকাশের ওপর গুলি চালায়।

এ বিষয়ে অন্যান্য ভারতীয় গণমাধ্যমগুলোতেও সংবাদ (, , , ) প্রকাশ করা হয়।

সুতরাং, ভারতে পূর্ব শত্রুতার জেরে বাবা-ছেলেকে হত্যার ঘটনায় ধারণকৃত ভিডিওকে বাংলাদেশে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক হিন্দু দোকানদারকে হত্যার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: