সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অপারেশন থিয়েটারে চিকিৎসক ও নার্সের নাচের একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, এটি ইসলামিয়া হাসপাতালের ঘটনা।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসলামিয়া হাসপাতালের নয় এবং এটি সাম্প্রতিক সময়ের ঘটনাও নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালে লালমনিরহাট জেলার ‘মনোয়ারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি ক্লিনিকে ঘটে যাওয়া একটি ঘটনার পুরোনো দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ‘ইশমাম অয়ন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ৪ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সাথে বর্তমানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। তবে উক্ত ভিডিওর ক্যাপশনে কোনো হাসপাতালের নাম উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, ২০২৩ সালের ৩০ মে সময় টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছর মে মাসে অপারেশন থিয়েটারে রোগীকে শুইয়ে রেখে ডাক্তার ও নার্সের নাচের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রতিষ্ঠানটিকে লালমনিরহাট শহরের ‘মনোয়ারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্লিনিককে সিভিল সার্জনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
সুতরাং, ইসলামিয়া হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগী রেখে চিকিৎসক-নার্সের নাচের দৃশ্য দাবিতে লালমনিরহাটের মনোয়ারা ক্লিনিকের ২০২৩ সালের একটি ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ishmam Oyon – Facebook Post
- Somoy News – অপারেশন থিয়েটারে রোগীকে শুইয়ে রেখে নাচ, ভিডিও ভাইরাল


