ঢাকায় জামায়াত কর্মীদের পিটুনিতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ‘প্রস্তুতি সময় জামায়াতের সন্ত্রাসীরা একজন ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করে। সরকার টিকে থাকতে সাধারণ হত্যার মিশনে নেমেছে!!!’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত মে মাসে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়ার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘খবর প্রতিদিন’ নামক ফেসবুক পেজে গত ২৩ মে প্রকাশিত একটি পোস্টে আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ভিডিওর ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলী লালমিয়া চর আনন্দ বাজার গ্রামে ঘটেছে। সেখানে এক শিশুকে ধর্ষণের অভিযুক্ত এক ব্যক্তি পালানোর সময় জনতার হাতে ধরা পড়লে তাকে গণপিটুনি দেওয়ার দৃশ্য এটি।
পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ফুটেজের সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের সাদৃশ্য পাওয়া যায়।
এসব প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ মে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ এলাকাবাসী হীরা (২১) নামে এক অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে ফতুল্লা থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আরেক অভিযুক্ত সোহেলকে (২২) আটক করে।
এসব প্রতিবেদনে উল্লেখিত ঘটনাটির সাথে যুক্ত কোনো পক্ষেরই বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা বাংলাদেশ ছাত্রলীগের কোনো কর্মীর সম্পৃক্ততা থাকার তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গণপিটুনির শিকার অভিযুক্ত হীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালীন গত ২৮ মে মৃত্যুবরণ করেন।
সুতরাং, ঢাকায় জামায়াতের কর্মীরা পিটিয়ে ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে দাবিতে নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযুক্তকে গণপিটুনির ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- খবর প্রতিদিন – Facebook Post
- এখন টিভি – নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি
- Jamuna TV – Facebook Post
- প্রথম আলো – ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণকে বেদম পিটুনি
- The Daily Star – ফতুল্লায় শিশু ধর্ষণের আসামিকে গণপিটুনি, ৬ দিন পর আইসিইউতে মৃত্যু

