বাজেটে সিগারেট-মদ-গাঁজার দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের মিছিল দাবিতে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত ১১ জুন বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেটে সিগারেট, মাদকজাতীয় দ্রব্যের ওপর কর বাড়িয়ে দাম বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়েছে, ‘বাজেটে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ও তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল’।
প্রচারিত ফটোকার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামে কথিত একটি মিছিল ও ব্যানারের দৃশ্যের সংযুক্তি পাওয়া যায় যাতে লেখা রয়েছে, ‘বাজেটে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ও তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধির বিক্ষোভ মিছিল’।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাজেটে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ও তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল’ শিরোনামে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ কালের কণ্ঠ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, এআই প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে এই দাবি প্রচার করা হয়েছে। এছাড়া, উল্লিখিত বক্তব্যসংবলিত কোনো ব্যানার নিয়েও বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো মিছিল করেনি। বরং, বাজেট ইস্যুতে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজিত মিছিলে ব্যানারে লেখা ছিল: ‘গণবিরোধী ও লুটপাটের বাজেটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে কালের কণ্ঠের ওয়েবসাইট লিঙ্ক ও তারিখ হিসেবে ১১ জুন, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে উক্ত তারিখে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির গ্রাফিক্যাল ডিজাইন, টেক্সটের ফন্ট, ফন্টের গাঢ়ত্ব, লাইন স্পেসে ভিন্নতা লক্ষ্য করা যায়। প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে জামায়াতের মিছিলের বিষয়ে কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ১১ জুনে ‘প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথেও আলোচিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের পার্থক্য পাওয়া যায়।

পাশাপাশি, প্রচারিত কালের কণ্ঠের কথিত ফটোকার্ডের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এর ওয়েবসাইটে যাচাই করলে ছবিটি ওপেনএআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি বলে জানা যায়।
প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে জামায়াতের মিছিলের বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে গত ১১ জুনে প্রচারিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিলের দৃশ্য প্রদর্শিত হয়েছে। উক্ত মিছিলের ব্যানারের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ব্যানারের ডিজাইনগত মিল পাওয়া যায়৷ তবে আসল ব্যানারটিতে লেখা রয়েছে, ‘গণবিরোধী ও লুটপাটের বাজেটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’।

এ বিষয়ে মূলধারার গণমাধ্যম ‘এটিএন বাংলা নিউজ’ এর ইউটিউব চ্যানেলেও মিছিলটির দৃশ্য পাওয়া যায়।
অনুসন্ধানে কোথাও ‘বাজেটে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ও তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধির বিক্ষোভ মিছিল’ লেখা সংবলিত ব্যানারে জামায়াতকে মিছিল করতে দেখা যায়নি।
সুতরাং, ভুয়া ফটোকার্ড ও ব্যানারের ছবি প্রচার করে ‘বাজেটে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ও তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল’ দাবি করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho – Facebook Post
- OpenAI
- Bangladesh Jamaat-e-Islami – Facebook Post
- ATN Bangla News – YouTube Post

