দেবীদ্বারে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা ধরা পড়ার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘দেবীদ্বার চাঁ’দা’বা’জি করতে গিয়ে ধ’রা, ছাত্রদল নেতাকে খাম্বার সাথে বেঁ’ধে রাখল গ্রামবাসী’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কুমিল্লার দেবীদ্বারে ছাত্রদল নেতার ধরা পড়ার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, বরিশালের ঝালকাঠিতে এক শ্রমিকদল নেতার কাছে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটকের ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে গত ২ জুন ‘চাঁ/দাবাজি করতে গিয়ে ধরা, পিলারের সাথে বেঁধে রাখল গ্রামবাসী’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে সময় টিভির ওয়েবসাইটে গত ২ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তগড় ইউনিয়নের কেওতা বাজারে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযুক্ত যুবকের নাম মো. অনিক সিকদার (৩০)। তিনি উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি বাজার এলাকার মো. শাহজাহান সিকদারের ছেলে। শুক্তগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও প্লাস্টিক ব্যবসায়ী আবুল হোসেন তালুকদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অনিক সিকদার। চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদ (১, , ) প্রকাশ করা হয়েছে।

সুতরাং, ঝালকাঠিতে শ্রমিকদল নেতার কাছে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটকের ঘটনার ভিডিওকে দেবীদ্বারে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা ধরা পড়ার দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: