কমলাপুরে মেট্রোরেল নির্মাণকাজের ছবিকে অবৈধভাবে মাটি কাটার দৃশ্য দাবিতে প্রচার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসংযোগ সেতুর কয়েকটি পিলারের নিচ ও আশপাশ থেকে মাটি কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলে প্রশাসন কাজটি বন্ধ করে দেয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র ওই মাটি কেটে ইটভাটায় বিক্রি করছিল। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের কাজের সময় জলাশয় ভরাট করে নির্মিত অস্থায়ী সড়কের মাটি সরিয়ে স্থানটি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হচ্ছিল। এতে সেতুর নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এরই মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি কাটার অবস্থার একটি ছবি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘মাটি শুধু পদ্মা সেতুর পিলারের পাশ থেকে কাটছে না, মেট্রোরেলের নিচের মাটিও কেটে নিচ্ছে। খাও বেশি করে খাও।’ এছাড়া, কিছু পোস্টে একই ছবি প্রচার করে দাবি করা হয়েছে, অনুমোদন ছাড়াই মেট্রোরেলের পিলারের নিচ থেকে মাটি কাটা হচ্ছে।

অর্থাৎ, প্রচারিত ছবিটিতে মেট্রোরেলের পিলারের নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি মেট্রোরেলের নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ছবিটি কমলাপুরের এবং সেখানকার নির্মাণাধীন মেট্রো স্টেশনের ‘গ্রেড বিম’ নির্মাণের জন্য মাটি কাটা হচ্ছে। এতে অবৈধ কোনো বিষয় নেই।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Bangladesh Railway News’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘Im AnantoKabir’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৪ জুন প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনটি ছবির সংযুক্তি পাওয়া যায় যার তৃতীয় ছবিতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে প্রদর্শিত ভবন দেখা যায়। স্থানটির বিষয়ে অনন্ত কবিরের পোস্টে দাবি করা হয়, এটি ঢাকার কমলাপুর মেট্রোরেল এলাকা। এরই সূত্র ধরে গুগল ম্যাপে কমলাপুর ও এর আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করলে উক্ত ভবনটি পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি কমলাপুর এলাকার।

পরবর্তীতে কমলাপুর মেট্রোরেলের বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে একাধিক মূলধারার সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মেট্রোরেলের কমলাপুর সম্প্রসারিত অংশের কাজ চলমান রয়েছে এবং আগামী বছরে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি, মাটি কাটার বিষয়ে জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, ‘কমলাপুর নিমার্ণাধীন মেট্রো স্টেশনের দক্ষিণ দিকে পোর্টাল পিয়ার এর নিচে গ্রেড বিম নির্মাণ করতে হবে বিধায় মাটি কাটা হয়েছে। এ রকম আরো ২৮টি গ্রেড বিম করা হয়েছে। এটি নির্মাণ কাজের একটি অংশ’।

সুতরাং, মেট্রোরেলের নির্মাণকাজের জন্য মাটি কাটার দৃশ্যকে অবৈধভাবে মেট্রোরেলের নিচের মাটি কেটে নেওয়ার দৃৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: