দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

২০২৫ সালের ১৮ ডিসেম্বর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে ময়মনসিংহের পাইওনিয়ার্স নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি, ‘সুনন্দা আচার্য’ (@Sunanda_Iam) নামক ভারত থেকে পরিচালিত একটি এক্স অ্যাকাউন্ট থেকে ‘বাংলাদেশে দীপু দাসের হত্যার বিচারের দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের আয়োজনে শিয়ালদহ থেকে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল’ এর দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই এবং ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্টে কলকাতার শিয়ালদহ স্টেশন চত্ত্বর থেকে আয়োজিত হিন্দু জাগরণ মঞ্চের মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম The Indian Express এর ওয়েবসাইটে ২০২৪ সালের ০৮ আগস্ট ‘Hindu Jagran Manch: বাংলাদেশ জুড়ে আক্রান্ত হিন্দুরা, রাস্তায় নেমে প্রতিবাদ হিন্দু জাগরণ মঞ্চের’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত একটি ছবির সাথে আলোচিত ভিডিওটির বিষয়বস্তু ও স্থানের সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ০৮ আগস্ট ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামক সংগঠন ভারতের কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে। ২০২৪ সালের ০৫ আগস্টের পর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রতিবাদে এই বিক্ষোভটি করা হয়েছিল। মিছিলটি বাংলাদেশ হাই কমিশনের সামনের রাস্তা ঘেরাও করে বিক্ষোভ করে এবং হাই কমিশনে পৌঁছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করে।
পরবর্তীতে, এ বিষয়ে আরেক ভারতীয় গণমাধ্যম India Today এর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকেও একই ধরনের তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের আগস্ট মাসের ঘটনা, যা ২০২৫ সালের ডিসেম্বরে দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনার পূর্বে ঘটেছে।
সুতরাং, দিপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে কলকাতায় সাম্প্রতিক প্রতিবাদ মিছিলের দৃশ্য দাবিতে ২০২৪ সালের মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Indian Express – Hindu Jagran Manch: বাংলাদেশ জুড়ে আক্রান্ত হিন্দুরা, রাস্তায় নেমে প্রতিবাদ হিন্দু জাগরণ মঞ্চের
- India Today – Facebook Post

