সম্প্রতি, ‘পায়ুপথের ব্যথা নিয়ে, রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি মামুনুল হক। উন্নত চিকিৎসার জন্য, সন্ধ্যায় যাবেন ভারতের চেন্নাই।’ দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত পোস্টটি প্রায় ৮৯ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ খেলাফাত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হননি এবং আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে মামুনুল হক অসুস্থ হলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতালে যাওয়ার ঘটনার ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে ২০২৪ সালের ৩ ডিসেম্বর ‘মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন মামুনুল হককে দেখতে হাসপাতালে আসেন ডা. শফিকুর রহমান। তিনি মাওলানা মামুনুল হক এর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন। এ সময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ মোবারক হোসাইন এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সে সময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করা হয়।
পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। মামুনুল হকের ফেসবুক অ্যাকাউন্ট, বাংলাদেশ খেলাফাত মজলিসের ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে মামুনুল হকের অসুস্থতার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। মামুনুল হকের মতো ব্যক্তি অসুস্থ হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
এছাড়া, গতকাল ১৭ জুন মিশরের প্রয়াত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে নিয়ে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিতে দেখা যায়।
সুতরাং, ২০২৪ সালে মামুনুল হক অসুস্থ হলে বাংলাদেশ ডা. শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতালে যাওয়ার ঘটনার ছবিকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- jamaat-e-islami.org – মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
- Mamunul Haque – Facebook Account


