‘বিএনপির কেন্দ্রীয় নেতার বউকে পুলিশ পরিদর্শকের ধর্ষণ’ শিরোনামে চ্যানেল২৪-এর নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘বিএনপির কেন্দ্রীয় নেতার বউ’কে লাগাতার ধর্ষণ- পুলিশ পরিদর্শক, ধর্ষণকারী পুলিশকে থানা থেকে প্রত্যাহার’ শিরোনামে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চ্যানেল২৪ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৪ জুন, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল২৪ এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে গত ১৪ জুন ‘১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, চ্যানেল২৪ এর লোগো এবং পুলিশ পরিদর্শকের ছবির মিল রয়েছে। তবে, উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। চ্যানেল২৪ এর ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত চ্যানেল২৪ এর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন।
সুতরাং, ‘বিএনপির কেন্দ্রীয় নেতার বউ’কে লাগাতার ধর্ষণ- পুলিশ পরিদর্শক, ধর্ষণকারী পুলিশকে থানা থেকে প্রত্যাহার’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel 24 – Facebook Page
- Channel 24 – Website
- Channel 24 – YouTube Channel
- Channel 24 – Facebook Post
- Rumor Scanner’s Own Analysis

