৬ দফা দাবি নিয়ে মারজুক রাসেলের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, বাংলাদেশের জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল “বঙ্গবন্ধু যখন বাঙালির মুক্তির সনদ ৬ দফা দাবি ঘোষণা করে, তখন জিয়াউর রহমান, মেজর হাফিজরা ফোটেওনি” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মারজুক রাসেল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ৯ জুন আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। ‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে স্যাটায়ার এবং প্যারোডি’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, মারজুক রাসেলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘বঙ্গবন্ধু যখন বাঙালির মুক্তির সনদ ৬ দফা দাবি ঘোষণা করে, তখন জিয়াউর রহমান, মেজর হাফিজরা ফোটেওনি’ শিরোনামে মারজুক রাসেলকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis 
  • দৈনিক মোল্লার দেশ – Facebook post 
Share: